সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ তিনজন নিহত
বগুড়া শহরের মাটিডালি এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক চিকিৎসক নিহত হয়েছেন। এর আগে গত সোমবার রাজশাহী ও দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:বগুড়া: বেলা ১১টার দিকে মাটিডালি এলাকার রাজা সিএনজি স্টেশন থেকে সিএনজি নিয়ে রংপুরগামী ওই মাইক্রোবাসটি মহাসড়কে উঠছিল। এ সময় রাজশাহীগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে মাইক্রেবাসটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চিকিৎসক শাহানাজ সুলতানা (৩২) মারা যান। আহত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বগুড়ার সিভিল সার্জন খলিলুর রহমান বলেন, শাহনাজ সুলতানা বগুড়ার শাহাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে সহকারী সার্জন পদে কর্মরত থাকলেও সম্প্রতি শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। রাজশাহী: সোমবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্বাস উদ্দিনের ভাতিজা উজ্জ্বলের মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে রাজশাহী নগরের দিকে যাচ্ছিলেন আব্বাস উদ্দিনের স্ত্রী শবনম মোস্তারী। রাত সাড়ে আটটার দিকে তালাইমারী মোড়ে একটি গতিরোধক পার হওয়ার সময় মোটরসাইকেলটি পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় শবনম ও উজ্জ্বলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শবনমকে মৃত ঘোষণা করেন।বিরামপুর (দিনাজপুর): সোমবার সন্ধ্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার থেকে দুই মেয়ে ফেরদৌসী বেগম (২০) ও হোসনে আরাকে (১৮) নিয়ে ভ্যানযোগে নিজ বাড়ি শিমর গ্রামে ফিরছিলেন মতিয়ার রহমান (৪৪)। দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের বাজিতপুরে কাঠবোঝাই শ্যালোচালিত একটি যানবাহন ওই ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাঁদের নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই হোসনে আরা মারা যান।