সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ তিনজনের মৃত্যু
সিলেটের বিশ্বনাথ উপজেলায় গত বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসকসহ দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফয়ছল আহমদ ও একটি ব্যক্তিগত গাড়ির চালক ইসমাইল মিয়া। তাঁদের দুজনের বাড়ি দিরাই উপজেলায়।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া-হোসেনপুর সড়কের জাঙ্গালিয়া বাজারে গতকাল বৃহস্পতিবার সকালে বাসচাপায় শরিফুল ইসলাম (১৯) নামের এক ছাত্র নিহত হয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বনাথের দিঘলী গ্রাম এলাকায় বুধবার দিবাগত রাত একটার দিকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে সুনামগঞ্জগামী একটি ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফয়ছল আহমদ ও ইসমাইল মিয়া নিহত হন। এ সময় পালিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতা লামাকাজী বাজারে ট্রাকের চালক ও তাঁর সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
বিশ্বনাথ থানার এসআই আবু সাঈদ জানান, আটক দুজনকে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাকুন্দিয়া থানার পুলিশ জানায়, শরিফুল ইসলামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাতুয়াদিয়া গ্রামে। তাঁর বাবার নাম আবদুস সালাম। তিনি এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়ে কলেজে ভর্তি হওয়ার অপেক্ষায় ছিলেন। শরিফুল গাজীপুর যেতে সকালে নান্দাইল থেকে বন্যা পরিবহনের একটি বাসে ওঠেন। সকাল সাতটার দিকে জাঙ্গালিয়া বাজারে বাসটি যাত্রাবিরতি করে। এ সময় শরিফুল বাস থেকে নামেন। বাসটি ছেড়ে যাচ্ছে দেখে শরিফুল চলন্ত বাসে ওঠার চেষ্টা করেন। একপর্যায়ে বাসটি শরিফুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।