সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ দুজন নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার এক চিকিৎসকসহ দুজন নিহত হয়েছে। তারা হলো তৃষ্ণা মোদক (২৫) ও জয়নাল আবেদিন (১৫)। ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কলাবাগান থানার এসআই রিয়াজ হাসান বলেন, বেলা পৌনে ১১টার দিকে তৃষ্ণা বাসের জন্য কলাবাগান বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মিরপুর রোডে চলাচলকারী মিরপুর লিংক নামের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তৃষ্ণা গুরুতর আহত হন। দ্রুত তাঁকে পাশের আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান। রিয়াজ হাসান বলেন, এ ঘটনায় বাসটি ও বাসচালকের সহযোগী মো. মুর্শেদকে আটক করা হয়েছে, চালক পালিয়েছেন। গতকালই কলাবাগান থানায় একটি মামলা হয়েছে বলে রিয়াজ জানিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজে তৃষ্ণার স্বজনেরা জানিয়েছেন, তৃষ্ণার স্বামীর নাম কিংশুক ঘোষ। এ দম্পতি কলাবাগানের প্রথম লেকের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন। তৃষ্ণা সন্তানসম্ভবা ছিলেন। কিছুদিন আগে তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে ইন্টার্নি শেষ করেছেন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডিপ্লোমা করছিলেন।
এদিকে বেলা ১১টার দিকে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালপথের টোল প্লাজার ঢালে একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে বাসের যাত্রী জয়নাল গুরুতর আঘাত পায়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে দুপুর পৌনে ১২টার দিকে সে মারা যায়। জয়নালের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব এলাকায়।