সড়ক দুর্ঘটনায় ছাত্র আহত গাড়ি ভাঙচুর
ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের দুজন শিক্ষার্থীর দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। গতকাল বুধবার ফেনী-পরশুরাম সড়কের সদর হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্যমতে, গতকাল বিকেলে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের প্রথম পর্বের ছাত্র মো. সবুজ (১৭) ইনস্টিটিউটের সামনে বাসের ধাক্কায় আহত হয়। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার সদর হাসপাতালের মোড়ে ট্রাকের ধাক্কায় আহত হয় প্রথম বর্ষের ছাত্র রুদ্র চন্দ্র দাস (১৭)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরপর দুই দিন দুটি দুর্ঘটনায় পলিটেকনিক ইনস্টিটিউটের ক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসপাতালে মোড়ে বাস-ট্রাকসহ ১৫-১৬টি গাড়ি ভাঙচুর করে। শিক্ষার্থীরা ইনস্টিটিউটের সামনে গতিরোধক নির্মাণের দাবি জানায়। ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইনস্টিটিউটের শিক্ষক ও পুলিশ শিক্ষার্থীদের গাড়ি ভাঙচুর থেকে নিবৃত্ত করেন।