সড়ক দুর্ঘটনায় ছাত্র ও দম্পতি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ডাংরি এলাকায় গতকাল রোববার ট্রাকের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া এলাকায় গত শনিবার সড়ক দুর্ঘটনায় আহত এক শিক্ষক ও তাঁর স্ত্রী গতকাল মারা গেছেন।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ডাংরি এলাকায় গতকাল বেলা সাড়ে তিনটার দিকে একটি মালবোঝাই ট্রাক পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ইলিয়াছ উদ্দিন (১৭) গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আকাইদ হোসেন তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় নান্দাইল থানার পুলিশ তাঁর লাশ সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইলিয়াছ নান্দাইল পৌর শহরের চণ্ডীপাশা এলাকার আবুল কালামের ছেলে।

শনিবার নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া গ্রামের আবদুর রশিদ (৫০) তাঁর দুই স্ত্রী হরবলা বেগম (৪৫) ও বুলবুলি বেগমকে (৩৪) নিয়ে মোটরসাইকেলে করে বাগিচাপুর গ্রাম থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে কাপাসিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান ভটভটির সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল আবদুর রশিদ ও তাঁর প্রথম স্ত্রী হরবলা বেগম মারা যান।