সড়ক দুর্ঘটনায় ছাত্র ও নারীসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। এদিকে নওগাঁ সদর উপজেলায় এক নারী ও মহাদেবপুর উপজেলায় এক মাদ্রাসাছাত্র বাসচাপায় নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার বেলা ১১টার দিকে আবদুর রাজ্জাক (৩৫) তাঁর বাবা ইমান আলীকে (৫৫) নিয়ে মোটরসাইকেলে করে নীলফামারীর আদালতপাড়া থেকে ডিমলা উপজেলার উত্তর তিতপাড়ায় নিজ গ্রামে যাচ্ছিলেন। এ সময় নীলফামারী শহরের পিটিআই স্কুলের সামনে একটি বাইসাইকেল তাঁদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আরোহী দুজনই রাস্তায় ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা এইচএ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ইমান আলীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এতে রাজ্জাক আহত হন।নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মেদ বলেন, রাজ্জাক বাদী হয়ে একটি মামলা করেছেন। বাসের চালক জহির উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।এদিকে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ সদর উপজেলার ধোপায়বাড়ী গ্রামের সাহেরা বেওয়া (৬০) শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ জন্য তিনি নওগাঁ-বদলগাছী আঞ্চলিক সড়কের পাহাড়পুর খন্দকারপাড়া নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। ওই সময় বদলগাছী থেকে নওগাঁগামী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।মহাদেরপুর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুল জানান, গতকাল বেলা ১১টার দিকে চৌমাসিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র সামিউল ইসলাম (১৩) সাইকেলযোগে নওহাটা বাজারে যাচ্ছিল। পথে ধনজইলের মোড় এলাকায় পেছন দিক থেকে আসা নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ওই এলাকায় গতিরোধক স্থাপনের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সামিউল উপজেলার ফুলবাড়ী গ্রামের আবদুস সামাদের ছেলে।