সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরে ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় হাসানুর রহমান নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল এ দুর্ঘটনা ঘটে। 

হাসানুর রংপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও ওই কলেজের ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি শহরের রাধাবল্লভ এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ বেলা তিনটার দিকে শহরের মাহিগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেল করে মূল শহরের দিকে যাচ্ছিলেন হাসানুর। পথে সাতমাথা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটায় তিনি মারা যান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।