সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমামুল হক রাসেল নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইমামুল হক রাসেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন ও পরিবেশবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তাঁর সহপাঠী কয়েকজন জানান, আজ সকাল সাতটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মোটরসাইকেলে করে নোয়াখালীতে গ্রামের বাড়িতে রওনা হন রাসেল। ফেনীর দাগনভূঞা এলাকার ডেকের বাজার এলাকায় একটি ট্রাক তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় তাঁর মোবাইল থেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তাঁরা হাসপাতালে যান। সেখান থেকে পরে ইমামুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল হক প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার ​দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, সহ–উপাচার্য শিরীণ আখতার, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।