সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন মারুফ হোসেন (২৫) নামে ছাত্রলীগের এক নেতা। এ ঘটনায় আহত হয়েছেন যুবলীগ নেতা মো. জসিম মাতব্বর (২৬) ও ছাত্রলীগ নেতা আশীষ মোল্লা (২৫)। সড়কে পড়ে থাকা বাঁশের ওপর মোটরসাইকেল উঠে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
কয়েকজন এলাকাবাসী জানান, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিহত মারুফ তাঁর দুই বন্ধু জসিম ও আশীষকে নিয়ে দুর্গাপূজা দেখে মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন। ফেরার পথে কাউলীবেড়া-আবদুল্লাবাদ আঞ্চলিক সড়কে শেখপুরা গ্রামের চাড়াভিটা এলাকায় পৌঁছালে রাস্তার ওপর পড়ে থাকা একটি বাঁশের ওপর মোটরসাইকেলটি উঠে যায়। সে সময় বাঁশে পিছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তিন আরোহীকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে রাত তিনটার দিকে মারা যান মারুফ। আহত জসিম ও আশীষ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাউলীবেড়া ইউনিয়নের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ভাস্কর ভট্টাচার্য জানান, নিহত মারুফ হোসেন কাউলীবেড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি ইউনিয়নের পল্লিবেড়া গ্রামের লতিফ চোকদারের ছেলে। আহত মো. জসিম মাতব্বর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং আশীষ মোল্লা ইউনিয়ন ছাত্রলীগের সহসম্পাদক।
তবে এ দুর্ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছেন কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হাসান। প্রথম আলোকে তিনি বলেন, আজ মঙ্গলবার দুপুরে পল্লিবেড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে ময়দান-সংলগ্ন কবরস্থানে মারুফকে দাফন করা হয়। তিনি বলেন, যে সড়কে এ দুর্ঘটনা ঘটেছে, সেটি একটি চালু সড়ক। ওই সড়কে এভাবে বাঁশ পড়ে থাকার কথা নয়। এটি পরিকল্পিত এবং নাশকতামূলকও হতে পারে।
এ দুর্ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। আজ বেলা সোয়া তিনটার দিকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যুর খবর আমার জানা নেই। এ ব্যাপারে কেউ আমাদের কোনো তথ্য দেননি।’