সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে দৌলতপুর-শাহপুর সড়কের ঘোনা-মাদারডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। একই দিন মাদারীপুরের শিবচর উপজেলায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় ওই উপজেলা ছাত্রলীগের সমাজসেবাবিষয়ক সম্পাদক মেহরাব হোসেন (২৪) নিহত হয়েছেন। ডুমুরিয়া থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে দৌলতপুর-শাহপুর সড়কের ঘোনা মাদারডাঙ্গা এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে একটি বাস সড়কের পাশের খালে পড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী জয়নাল আবেদিন (৫০) ও কামরুল ইসলাম (৪৭) নিহত হন। এ ছাড়া বাসের ২০ যাত্রী আহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন বলেন, বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। শিবচর থানা, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে রনি নামের এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে ছাত্রলীগের নেতা মেহেরাব হোসেন মোটরসাইকেলে করে উপজেলার সন্ন্যাসীরচর থেকে শিবচর যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে শিবচর-পাঁচ্চর সড়কের গুয়াতলা দাদাভাই তোরণের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মেহেরাব ও রনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মেহেরাবকে মৃত ঘোষণা করেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।