সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গত বুধবার রাতে ঢাকাগামী নৈশকোচের চাকায় পিষ্ট হয়ে শহিদুল ইসলাম (১৫) নামের দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। একই রাতে লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে তপন ব্যাপারী (৩৫) নামের এক যাত্রী এবং বগুড়ার শেরপুরে ট্যাংকলরির চাপায় দরজি কারখানার শ্রমিক বাসু মোহন্ত (৪৫) প্রাণ হারান।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: বুধবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের সিঙ্গেরগাড়ি বাংলাবাজার এলাকায় নৈশকোচের চাকায় পিষ্ট হয়ে শহিদুল ইসলাম মারা যায়। নিহত শহিদুল সিঙ্গেরগাড়ি গ্রামের সাহেব আলীর ছেলে।
কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, শহিদুল ইসলাম তার মায়ের সঙ্গে অভিমান করে ঢাকায় যাচ্ছিল। তার হাতে ওই বাসের টিকিট ছিল। তবে কীভাবে চাকার নিচে পড়ল, তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। ধারণা করা হচ্ছে, চলন্ত বাসে ওঠার সময় হাত ফসকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়েছে।
পাটগ্রাম (লালমনিরহাট): বুধবার রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর আঞ্চলিক মহাসড়কের পৌরসভার সরেয়ার বাজার এলাকায় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই নছিমনে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। আহত তপন ব্যাপারীকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ডালিয়ায় তিনি মারা যান। তিনি পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া গ্রামের হাতেম ব্যাপারীর ছেলে।
শেরপুর (বগুড়া): বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের স্থানীয় বাসস্ট্যান্ড ফলপট্টি এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিরাজগঞ্জগামী তেলবাহী ট্যাংকলরির চাপায় নিহত হন বাসু মোহন্ত। তিনি উপজেলার দারুগ্রাম গ্রামের ক্ষীতিশ মোহন্তের ছেলে এবং স্থানীয় দরজি কারখানার শ্রমিক।