সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলায় বাসচাপায় স্কুলছাত্র এবং লালপুরে প্রাইভেট কার পুকুরে ডুবে যানটির চালক প্রাণ হারিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বড়ভিটাপাড়ায় ট্রাক্টর-ভটভটির মুখোমুখি সংঘর্ষে ভটভটিচালক নিহত হয়েছেন। এ ছাড়া দিনাজপুরে ট্রাক চাপায় দুজন এবং বগুড়ার আদমদীঘিতে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী প্রাণ হারান। গত দুদিনে এসব দুর্ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নাটোর: গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার আশিক হোসেন (৬) চাঁনপুর এলাকায় নাটোর-রাজশাহী সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে সদর উপজেলার চৌগাছী গ্রামের সাইফুল ইসলামের ছেলে। আশিক চাঁনপুরে তার নানার বাড়িতে এসেছিল।
লালপুর: গতকাল ভোরে নাটোরের সিংড়া থেকে একটি প্রাইভেট কার পাবনা যাচ্ছিল। পথে ভোর পাঁচটার দিকে লালপুরে বনপাড়া-পাবনা সড়কের দাঁইড়পাড়া এলাকায় একটি ট্রাককে অতিক্রম করার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ডুবে যায়। এতে চালক সুজারুল ইসলাম (৪০) ঘটনাস্থলেই মারা যান। তিনি সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ: গতকাল সকালে গোমস্তাপুরের রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে আসা খড়বোঝাই ভটভটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভটভটির চালক নাসির উদ্দীন (২৮) মারা যান। তিনি শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর এলাকার বাসিন্দা ছিলেন।
দিনাজপুর: গতকাল বেলা ১১টার দিকে বিরল উপজেলার কাঞ্চন মোড়ে দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে এক বাইসাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তাঁর পরিচয় পাওয়া যায়নি। অপরদিকে দুপুর ১২টায় পার্বতীপুরের ভবের বাজারে দিনাজপুরগামী একটি ট্রাক সোহাগ (২৪) নামে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আদমদীঘি (বগুড়া): উপজেলার সান্তাহার শহরের পার্শ্ববর্তী দমদমা গ্রামের নিজাম উদ্দীনের ছেলে মারুফ হোসেন (২২) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোটরসাইকেল নিয়ে গ্রামের মাঝখানে দিয়ে যাওয়ার সময় ঈদগাহ মাঠের পাশে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।