সড়ক দুর্ঘটনায় ছাত্রী আহত বিক্ষোভের মুখে গতিরোধক নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটোরিকশার ধাক্কায় এক শিক্ষার্থী আহত হলেন। প্রতিবাদে সব শিক্ষার্থী বিক্ষোভ করলেন, করলেন মহাসড়ক অবরোধ। অবশেষে গতিরোধক (স্পিডব্রেকার) নির্মাণ হলো জায়গাটিতে। রাস্তা ছেড়ে সরে দাঁড়ালেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শিউলি রানীর মাথা ফেটে যায়। শিক্ষার্থীরা ছুটে এসে দ্রুত তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এর ফলে বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত দুই ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
শিক্ষার্থীদের দাবি ছিল পার্কের মোড়ে প্রবেশ করতে তিনটি সড়কের মধ্যে এই মুহূর্তে গতিরোধক নির্মাণ করতে হবে। তা না হলে অবরোধ প্রত্যাহার করা হবে না। বেলা দেড়টার দিকে সড়ক ও জনপথ বিভাগের আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থলে যান। সেই সঙ্গে গতিরোধক নির্মাণের জন্য ট্রাকে করে পাথর নিয়ে এসে ঘটনাস্থলে ফেলেন। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী পার্কের মোড়ে তিন সড়কে তিনটি গতিরোধক নির্মাণকাজ শুরু করা হয়। শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে উল্লাস করেন।