সড়ক দুর্ঘটনায় ছাত্রী ও সাবেক ছাত্রনেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সরকারি কাজী নজরুল ইসলাম কলেজের সাবেক ভিপি সুব্রত রায় (৩০) এবং ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাস খাদে পড়ে কলেজছাত্রী মুনমুন আক্তার (২০) নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সুব্রত রায় ও তাঁর দুই বন্ধু গত রোববার রাতে মোটরসাইকেলে করে ঢাকা থেকে গোপালগঞ্জে ফিরছিলেন। পথে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের শানপুকুরিয়া এলাকায় একটি বাসের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে তিনজনই গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে সুব্রত রায় প্রাণ হারান। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের পুইশুর গ্রামের দ্বিজবর রায়ের ছেলে।
এদিকে গতকাল সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে নগরকান্দার বাঁশাগাড়ি সেতুর কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি বাস খাদে পড়ে যায়। এতে মুনমুন আক্তার প্রাণ হারান। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের জাফর আহমেদের মেয়ে।
মুনমুন ঢাকার উত্তরা আইএমআই স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর ছাত্রী ছিলেন।