সড়ক দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৈশাখী উৎসব দেখে স্বামীর মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সুলতানা রাজিয়া নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হাটহাজারীর সুবেদার পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় নগরের একটি ক্লিনিকে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান। সুলতানা রাজিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্রী। তিনি সম্মান শ্রেণীতে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ জিপিএ অর্জন করেছিলেন। মেধাবী এই ছাত্রীর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর গ্রামে।সুলতানার স্বামী খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে বৈশাখী উৎসব দেখে তাঁরা সুলতানার বাবার বাড়িতে যাচ্ছিলেন। চলন্ত মোটরসাইকেলে শরীর খারাপ লাগছিল বলে সুলতানা জানান। মোটরসাইকেল থামানোর সময় হঠাৎ করেই মাটিতে পড়ে যান সুলতানা। এ সময় পেছন থেকে আসা একটি অটোরিকশা চাপা দেয় তাঁকে। খোরশেদ বলেন, তাঁকে প্রথমে হাটহাজারী আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে নগরের মেট্রোপলিটন হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।