সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় নিহত ৮
নাটোরের বড়াইগ্রাম, দিনাজপুরের বিরামপুর, নীলফামারীর জলঢাকা, বরিশালের গৌরনদী, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ও মাগুরায় গত দুদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: নাটোর: গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রামের কলাবাগান এলাকায় ঢাকাগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী নৈশকোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক আবদুল লতিফ ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট এলাকায়। বিরামপুর (দিনাজপুর): গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে মোটরসাইকেলে করে তিন তরুণ ফুলবাড়ী যাওয়ার পথে বিরামপুর পৌর শহরের টাটাকপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ছোট পিকআপ মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রংপুরের সূত্রাপুর মহল্লার মোসলেম উদ্দিন (৩৫) ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আ. রহিম বাবু (৩০) নিহত হন।নীলফামারী: গতকাল সকালে জলঢাকা উপজেলার খুঁটামারা ইউনিয়নের আরাজি কাঁঠালি গ্রামের বালাপাড়ায় শ্যালোইঞ্জিনচালিত দুটি ভটভটি প্রতিযোগিতা করে চালাতে গিয়ে সংঘর্ষ হলে একটি ভটভটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ভটভটির চালক আফিজার রহমান (৪০) নিহত হন। আফিজার উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পশ্চিম শিমুলবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন।মাগুরা: পৌরসভার সীতারামপুর ঢাল এলাকায় শুক্রবার দুপুরে যশোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ও বিপরীতমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ইকবাল হোসেন (৩২) নিহত ও অন্তত ১৫ জন বাসযাত্রী আহত হন।গৌরনদী (বরিশাল): শুক্রবার রাতে উপজেলার কটকস্থল এলাকায় মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে গৌরনদীগামী মোটরসাইকেল আরোহী মো. সোহেল (২৮) ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার শাওড়া গ্রামের বাসিন্দা ও একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কর্মরত ছিলেন। বাড়িতে আসার পথে দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে বাসের পাঁচজন যাত্রী আহত হন।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): শুক্রবার রাত আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় মাধবপুরগামী একটি অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী রুবেল দেব (২৪) ও আওলিয়া বেগম (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। রুবেল সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের শ্যামল দেবের ছেলে আর আওলিয়া বেগম নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের আবুল খায়েরের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।