সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত
ফরিদপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহনাজ আক্তার (৪০) নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ছাড়া কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন। একইভাবে সাতক্ষীরা ও বরিশালে আরও তিনজন নিহত হন। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:
ফরিদপুর: বুধবার রাতে চরভদ্রাসন উপজেলার মৌলভীরচর বাজারের মান্দারতলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষিকা শাহনাজ নিহত হন। শাহনাজ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি নয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা। তাঁর স্বামী আ. মালেক ব্যবসায়ী।
কুষ্টিয়া: জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন। তাঁরা হলেন কুষ্টিয়ার খোকসা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী শামীমা আক্তার (১৮) ও ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকার বৃদ্ধা রমেছা বেগম (৮৫)। পুলিশ জানায়, গতকাল দুপুরে শামীমা কুষ্টিয়া শহর থেকে কেনাকাটা শেষে মামার সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। হরিশংকরপুর এলাকায় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শামীমা মারা যান। অপরদিকে শহরতলির দবির মোল্লা রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় রমেছা বেগম নিহত হন।
সাতক্ষীরা: বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার বেলতলা এলাকায় এবং গতকাল দুপুরে তালা উপজেলার খলিশখালী দক্ষিণ মোড়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন। তাঁরা হলেন সদর উপজেলার চেলাডাঙ্গী গ্রামের খোদাবক্স মোল্যা (৭০) ও তালা উপজেলার চোমরখালী গ্রামের মোশারফ হোসেন (৩৭)। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে খোদাবক্স সড়কের পাশে দাঁড়িয়ে প্যান্ডেলের কাজের তদারকি করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত আটটার দিকে তিনি মারা যান। অন্যদিকে মোশারফ গতকাল দুপুরে সাইকেলে করে তালা উপজেলার দদুয়ায় যাচ্ছিলেন। খলিশখালী দক্ষিণ মোড়ে একটি ট্রলির সঙ্গে সাইকেলের ধাক্কা লাগে। গুরুতর অবস্থায় তাঁকে সদর হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
বরিশাল: বাকেরগঞ্জ উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. জামাল হোসেন (৩২) নামের একজন নিহত হন। তিনি মাইক্রোবাসের চালক। বাকেরগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম বলেন, গতকাল দুপুরে পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল মঈন এন্টারপ্রাইজের একটি বাস। বাকেরগঞ্জের বেলু খাঁ মসজিদসংলগ্ন এলাকায় মাইক্রোবাস ও বাসটির সংঘর্ষ হয়।