সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত
রংপুরের পীরগঞ্জ উপজেলায় গতকাল শনিবার ভোরে যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এর আগে শুক্রবার রাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অটোরিকশা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে আরও দুজন নিহত হন।
পীরগঞ্জের ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ওসমান গণি (৪৮), ইসলাম (৪০), অঞ্জনা (৩২) ও মানিক (৩০)। তাঁরা সবাই পোশাকশ্রমিক। সবারই বাড়ি নীলফামারীতে। গঙ্গাচড়ার ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন চন্দনা রানী (২৮) ও আতিকুল ইসলাম (২৬)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী এনআর এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস আংড়া সেতুতে ওঠার পর একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বাসের চার যাত্রী নিহত এবং আরও ১৭ জন আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কে গঙ্গাচড়ার হরকল্লির বাজার নামক জায়গায় পঞ্চগড় ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী চন্দনা রানী ও আতিকুল ইসলাম নিহত এবং চন্দনার স্বামী অমূল্য রায়, সন্তান বাবু রায়সহ সাতজন আহত হন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি বিনে আলম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বাস ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে।