সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত
সড়ক দুর্ঘটনায় গতকাল রোববার ঠাকুরগাঁও সদর উপজেলায় তিনজন, বগুড়ার শাজাহানপুরে দুজন ও গাইবান্ধার সাঘাটায় এক শিশু নিহত হয়েছে। একই দিন সিরাজগঞ্জের সলঙ্গায় জয়পুরহাট সদরের সাবেক সাংসদ মোজাহার আলী প্রধানসহ কমপক্ষে ১২ জন আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ঠাকুরগাঁও: সদর উপজেলার লাউথুতি গ্রামের কয়েকজন ব্যক্তি একটি নছিমন ভাড়া করে গত শনিবার রাতে একই উপজেলার রুহিয়া এলাকার একটি মেলায় যান। গতকাল রোববার ভোরে তাঁরা একই নছিমনে করে বাড়ি ফিরছিলেন। সাড়ে ছয়টার দিকে ভূল্লী চৌরাস্তায় নছিমনটির সঙ্গে পঞ্চগড়গামী যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এতে নছিমনটি দুমড়ে-মুচড়ে যায়। বাসের চাপায় ঘটনাস্থলেই ওই গ্রামের জুরান (৩০) মারা যান। আহত পাঁচজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে সেখানে হাবিব (২৬) ও নছিমনচালক মন্টু (২২) মারা যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, বাসটি জব্দ করা হয়েছে।
বগুড়া: শহরের দ্বিতীয় বাইপাস সড়কের সুজাবাদ-দহপাড়া এলাকায় সকাল সোয়া সাতটার দিকে বালুবাহী একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী জগদীশ কুমার কুন্ডু (৬০) মারা যান। হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশাচালক জিয়াউর রহমানের মৃত্যু হয়। আরও দুজন অটোরিকশা যাত্রী গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মেহেদী হাসানকে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে দুই দফা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই বালুবাহী ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেলে বিক্ষুব্ধ লোকজন ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিক পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। একজন শিক্ষার্থী আহত হওয়াকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় তার সহপাঠীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
গাইবান্ধা: জেলার সাঘাটার বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের বাবু মিয়ার ছেলে জিহাদ মিয়া (৪) বেলা ১১টার দিকে বাড়িসংলগ্ন কলেজ মোড় এলাকায় বাবার সঙ্গে খেলছিল। একপর্যায়ে জিহাদ দৌড়ে সড়ক পার হওয়ার সময় গাইবান্ধা থেকে বোনারপাড়াগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, এ ঘটনায় সাঘাটা থানায় মামলা হয়েছে।
সিরাজগঞ্জ: বেলা ১১টার দিকে জেলার সলঙ্গা থানাধীন কালিকাপুরে জয়পুরহাটগামী একটি ব্যক্তিগত গাড়ির সঙ্গে ঢাকাগামী আগমনী পরিবহন ও অপর একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ব্যক্তিগত গাড়িতে থাকা জয়পুরহাট সদরের সাবেক সাংসদ মোজাহার আলী প্রধান ও আগমনী পরিবহনের কমপক্ষে ১২ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করেন। মোজাহার আলী প্রধান প্রাথমিক চিকিৎসা নিয়ে জয়পুরহাটে চলে যান।