সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত
মুন্সিগঞ্জে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। একই দিন আরও দুই জেলায় দুজন প্রাণ হারিয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াহাটা গ্রামের বাচ্চু মিয়া (৩০), সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকার শীলা আক্তার (২৮), ফিরোজ মিয়ার শিশুসন্তান নাঈম হোসেন (৮), ভ্যানচালক মোয়াজ্জেম হোসেন (৩৫) এবং মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বালিথা গ্রামের মহিদুর রহমান (৩০) ও নারায়ণগঞ্জের সত্যবান্দী গ্রামের ইমাম হোসেন (২২)।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় গতকাল বিকেলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসের চাপায় পথচারী বাচ্চু মিয়া, শীলা আক্তার ও নাঈম হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত ভ্যানচালক মোয়াজ্জেম হোসেনকে হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হন।
মানিকগঞ্জ: ঘিওর থানা-পুলিশ জানায়, কেনাকাটার জন্য গতকাল ঘিওর সদরের হাটে যাচ্ছিলেন মহিদুর। বেলা ১১টার দিকে ঘিওর-দৌলতপুর সড়কের তেরশ্রী এলাকায় তিনি মানিকগঞ্জগামী চলন্ত একটি বাসে ওঠার চেষ্টা করেন। এ সময় পা ফসকে তিনি বাস থেকে নিচে পড়ে যান। একপর্যায়ে তিনি চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন মহিদুরকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ: আড়াইহাজার থানার এসআই হাবিবুর রহমান বলেন, গতকাল বেলা ১১টার দিকে ইমাম হোসেন মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে ভুলতা-আড়াইহাজার সড়কে উপজেলার বিনাইচর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে ইমাম ঘটনাস্থলেই মারা যান। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন অজ্ঞাতনামা ব্যক্তিও আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইমাম সরকারি সফর আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।