সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে তিনজন এবং রাজবাড়ী, মেহেরপুরের মুজিবনগর ও ঝিনাইদহে একজন করে প্রাণ হারিয়েছেন। গত দুই দিনে এসব ঘটনা ঘটেছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: গত বুধবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের মান্দারতলা এলাকায় প্রাণ হারান হায়দার আলী (৩৫), লিমু শেখ (১৯) ও সঞ্জয় ঢালী (২৮)। তাঁদের বাড়ি সদর উপজেলার কুয়াডাঙ্গা ও ঘোষেরচর গ্রামে।
পুলিশ ও আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, মান্দারতলা এলাকায় রাস্তার ওপর বিকল হয়ে যাওয়া একটি পিকআপ মেরামত করা হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি ট্রাক মেরামতকাজে নিয়োজিত চারজনকে চাপা দিয়ে খুলনার দিকে চলে যায়। এতে পিকআপের চালক হায়দার মিয়া ঘটনাস্থলেই মারা যান। মারাত্মক আহত তিনজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করার পর গাড়ির মিস্ত্রি লিমু শেখ মারা যান। এ ছাড়া রাতে আহত সঞ্জয় ঢালীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। আহত শামীম মোল্লা (১৮) বর্তমানে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত কিশোরের নাম ফজলে রশিদ (১৬)। সে কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ফয়লা গ্রামের বজলুর রশিদের ছেলে ও স্থানীয় শহীদ নুর আলী কলেজের ছাত্র।
বুধবার ফজলে রশিদ ও তার বন্ধু রকি মোটরসাইকেলে যাচ্ছিল। পথে কোলা-কালীগঞ্জ সড়কের মিশনপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ফজলে রশিদকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া: মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ট্রলি উল্টে সানোয়ার হোসেন (৪৫) নামের এক ট্রলিচালক নিহত হয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে সানোয়ার হোসেন তাঁর ইঞ্জিনচালিত নিজস্ব ট্রলিতে করে উপজেলার নাজিরাকোনা গ্রামের মাঠ থেকে পাট বোঝাই করে পাশের খালে ফেলছিলেন। একপর্যায়ে ট্রলিটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
রাজবাড়ী: জেলার বসন্তপুর রেলক্রসিং এলাকায় গতকাল বৃহস্পতিবার ঢাকাগামী বাসের ধাক্কায় ইজিবাইকযাত্রী আসমা বেগম (৫২) প্রাণ হারিয়েছেন। তিনি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউপির হাটজয়পুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম আসাদুজ্জামান বাবলু। এ দুর্ঘটনায় ইজিবাইকযাত্রী একই গ্রামের আরও দুজন আহত হন।