সড়ক দুর্ঘটনায় জাফর ইকবাল ও পাঁচজন সহযাত্রী আহত
কুমিল্লায় যাওয়ার পথে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তাঁর সঙ্গে পাঁচজন সহযাত্রীও আহত হন। ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা এলাকায় জাফর ইকবাল ও তাঁর সহযাত্রীদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে একটি বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। অধ্যাপক জাফর ইকবাল জানান, তিনি হাঁটুতে সামান্য আঘাত পেয়েছেন। এখন ভালো আছেন। আহত অপর পাঁচজন হলেন একই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক রাশেদ তালুকদার, সহযোগী অধ্যাপক সুজয় চক্রবর্তী, বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো বন্ধুসভার সভাপতি ও কম্পিউটার বিভাগের ছাত্র মিসবাহ উদ্দিন, সৌরভ কুমার ঘোষ এবং সিলেট বন্ধুসভার সভাপতি এন ডি মিথুন। আহত ব্যক্তিদের মধ্যে সুজয় চক্রবর্তীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত ব্যক্তিদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। পুলিশ ও মাইক্রোবাসের আরোহীরা জানান, গতকাল সকালে কুমিল্লায় প্রথম আলো-ডাচ্-বাংলা ব্যাংক গণিত উত্সবে যোগ দিতে জাফর ইকবাল ও তাঁর পাঁচজন সহযাত্রী মাইক্রোবাসে করে সিলেট থেকে রওনা হন।