সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগরের দুই ছাত্র নিহত
সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ছাত্র হলেন নাজমুল হাসান ও মেহেদি হাসান। দুর্ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। আর চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে হাসপাতালে মারা যান মেহেদি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নাজমুল বিশ্ববিদ্যালয়ের ৪৩ তম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি পাবনা সদরে। একই ব্যাচের মেহেদি মাইক্রো-বায়োলজির শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি নরসিংদীর রায়পুরায়।
পুলিশের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান প্রথম আলোকে বলেন, ভোর পাঁচটার দিকে নাজমুল ও মেহেদি ইজিবাইকে করে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কলমা এলাকা থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় একটি অজ্ঞাত যানবাহন ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। আহত মেহেদিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের দিকে তাঁর মৃত্যু হয়।