সড়ক দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থী, নারীসহ নিহত ৪
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল মঙ্গলবার লরি-চাপায় এক মোটরসাইকেল আরোহী নারীসহ দুজন নিহত হয়েছেন। একই দিনে কিশোরগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরমান মিয়া (১৩) নামের এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে ইদ্রিস আলী (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
নেত্রকোনার পূর্বধলায় নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেল আরোহী ফরিদা আক্তার ওরফে পাখি (২০) ও লরির হেলপার রুবেল মিয়া (৩৪)। পাখি পূর্বধলা উপজেলার নোয়াশী গ্রামের শামীম হোসেনের স্ত্রী। আর রুবেল একই উপজেলার মানুষউড়া গ্রামের সিরাজ আলীর ছেলে। এ ঘটনায় স্থানীয় ব্যক্তিরা লরির চালক ও অন্য সাহায্যকারীকে আটক করে পুলিশে দিয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ জানায়, সকালে বিন্নাটি ইউনিয়নের আউলিয়াপাড়ার মুক্তার উদ্দিনের ছেলে আরমান জেএসসি পরীক্ষা দিতে ব্যাটারিচালিত অটোরিকশায় কিশোরগঞ্জ শহরে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। এ সময় বগাদিয়া এলাকায় ভটভটি ও তাদের অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে আরমানসহ আরও চারজন আহত হয়। স্থানীয় লোকজন আরমানকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, সকালে সখীপুর উপজেলার বাশার চালা গ্রামের ইদ্রিস আলী একটি অটোভ্যানে সখীপুর যাচ্ছিলেন। পথে স্মৃতিসৌধ এলাকার সোনাপীরের আস্তানায় পৌঁছালে একটি মাইক্রোবাসের সঙ্গে তাঁদের অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইদ্রিস আলী নিহত হন।