সড়ক দুর্ঘটনায় জেএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ ও সদর, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও বগুড়ার শেরপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক জেএসসি পরীক্ষার্থী, এক বৃদ্ধসহ তিনজন নিহত হয়েছে। এ ছাড়া সিরাজগঞ্জের দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৩ জন। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
সিরাজগঞ্জ: কামারখন্দ উপজেলায় বাসচাপায় প্রাণ হারিয়েছে এবারের জেএসসি পরীক্ষার্থী সাব্বির হোসেন (১২)। সে উপজেলার পাইকশা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেএসসি পরীক্ষা শেষে পাঁচ পরীক্ষার্থী একটি অটোরিকশায় চেপে কামারখন্দ যাচ্ছিল। পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কোনাবাড়ির শহীদুল বুলবুল কলেজ মোড় এলাকায় হানিফ এন্টারপ্রাইজের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। এতে অটোরিকশার চালকসহ ছয়জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। আহত অপর শিক্ষার্থী নূর ইসলামকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। বাসটি আটক করা গেলেও চালক পালিয়েছেন।
অপর দিকে সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা বলেন, সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের হাসপাতালের সামনে বেলা ১১টার দিকে সিএনজিচালিত যাত্রীবাহী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তিন যাত্রী আহত হন। এ ছাড়া একই উপজেলায় ঢাকা-সিরাজগঞ্জ বাইপাস সড়কের বাঐতারা গ্রামে বেলা সাড়ে ১১টার দিকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশাটির চালকসহ পাঁচজন আহত হন।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া এলাকায় পাথরভর্তি একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পুকুরিয়া গ্রামের রমজান আলী (৭৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি রমজান আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এলাকাবাসী ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যান। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।
শেরপুর (বগুড়া): একটি ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমনের যাত্রী ধান ব্যবসায়ী জহুরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার জামনগর গ্রামে। গতকাল সকাল পৌনে আটটায় উপজেলার রানীরহাট-ভবানীপুর সড়কের মির্জাপুর নতুনপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
অন্তত তিনজন প্রত্যক্ষদর্শী বলেন, নছিমনটিতে ধান বস্তাবোঝাই করে ওই ব্যবসায়ী উপজেলার মির্জাপুর বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা উপজেলার ভবানীপুরগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে নছিমনটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। ধান ব্যবসায়ী ধানের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছেন।