সড়ক দুর্ঘটনায় ঝরে গেল দুই ভাইসহ তিনজনের প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের মহলাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার যাত্রী রাজনগর উপজেলার প্রেমনগর গ্রামের দুই ভাই আজাদ মিয়া (৩৮) ও আলম মিয়া (২৬) এবং অটোরিকশাচালক জুড়ী উপজেলার শাহীন মিয়া (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে আসছিল প্রাইভেট কারটি। মৌলভীবাজার-কুলাউড়া সড়কের মহলাল এলাকায় অটোরিকশা ও প্রাইভেট কারের সংঘর্ষে অটোরিকশাচালক ও চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুই ভাই আজাদ মিয়া ও আলম মিয়া মারা যান। আর অটোরিকশাচালক শাহীন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আহত দুজন রাজনগর উপজেলার গয়ঘর গ্রামের কয়েস মিয়া (৩৫) ও প্রেমনগর গ্রামের আবদুল আলীকে (৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেট কার ও অটোরিকশা আটক করা হয়েছে।