সড়ক দুর্ঘটনায় ঝরে গেল পাঁচটি প্রাণ
দেশের বিভিন্ন স্থানে গত বুধ ও গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে ফরিদপুর ও মৌলভীবাজারে বুধবার সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়। জামালপুর ও ময়মনসিংেহ গতকাল সড়ক দুর্ঘটনায় আরও দুইজন প্রাণ হারান।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের কৈজুরি ইউনিয়নের বদরপুর মোড় এলাকায় বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত জাফর মোল্লার (৩০) মৃত্যু হয়েছে। বুধবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলো।
জানা গেছে, জাফর মোল্লা বুধবার দুপুরে সালথা থেকে মাহেন্দ্রযোগে ফরিদপুর যাচ্ছিলেন। মাহেন্দ্রটি আঞ্চলিক সড়ক দিয়ে বদরপুর মোড় এলাকায় ফরিদপুর-খুলনা মহাসড়কে এলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পাজেরো জিপের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ মাহেন্দ্রের ১১ জন, পাজেরোর চারজনসহ মোট ১৫ জন আহত হন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মাহেন্দ্র যাত্রী চরভদ্রাসন উপজেলার চর হোসেনপুর গ্রামের আবদুল মজিদ ব্যাপারী (৭৫) মারা যান।
মৌলভীবাজার: জেলার রাজনগরে পিকআপ ভ্যানের ধাক্কায় মুকুল দেব (৪৫) নামের এক পথচারী নিহত হন। তাঁর বাড়ি উপজেলার রাজখলা গ্রামে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর ডিগ্রি কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মুকুল কুলাউড়া থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে রাজনগর কলেজ মোড়ে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মৌলভীবাজারমুখী একটি দ্রুতগামী পিকআপ তাঁকে ধাক্কা দেয়। তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল সকালে স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাপায় স্কুলছাত্র সিয়াম তালুকদার (১২) ঘটনাস্থলেই মারা যায়। তার পারিবারিক সূত্র জানায়, পৌরসভার আলহাজ পাটকলের সামনের বাসা থেকে সিয়াম সকাল সাড়ে ১০টায় সাইকেলে সরিষাবাড়ী আর ডি এম পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়।
সরিষাবাড়ী-ঢাকা মহাসড়কে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের উত্তর পাশে এলে একটি বালুভর্তি ট্রাক তাকে চাপা দেয়। সিয়ামকে পথচারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল উদ্দিন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে।
নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক পার হওয়ার সময় জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মল্লিকপুর এলাকায় গতকাল বেলা ১১টায় যাত্রীবাহী বাসের চাপায় মমতা রানী দাস (৪০) নামের এক নারী নিহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, মমতা রানী উপজেলার বড় জোড়া গ্রামের রুহিনী চন্দ্র দাসের মেয়ে। এক সপ্তাহ আগে তিনি শ্বশুরবাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন।
এ ব্যাপারে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ জামেলী প্রথম আলোকে বলেন, এ বিষয়ে পরিবার অভিযোগ করতে রাজি না হওয়ায় সৎকারের জন্য লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।