সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে গতকাল সোমবার পৃথক চারটি দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। একই দিন কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় লামিয়া আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে৷
টাঙ্গাইল: টাঙ্গাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, সখীপুর থেকে রফিকুল ইসলাম (২৬) নামের এক ব্যক্তি মোটরসাইকেলে করে টাঙ্গাইল শহরে আসছিলেন।
মোটরসাইকেলটি বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঢাকা রোডের গোডাউন ব্রিজের কাছে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়। এতে রফিকুল ইসলাম রাস্তায় পড়ে গেলে একটি বাস তাঁকে চাপা দেয়৷ ঘটনাস্থলেই তিনি নিহত হন৷ রফিকুল সখীপুরের বোয়ালী গ্রামের নঈম উদ্দিনের ছেলে।
অপরদিকে দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়াবাড়ী এলাকায় বাসচাপায় কুদ্দুস (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার কুলহারা গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। কুদ্দুস মানসিক প্রতিবন্ধী ছিলেন।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, গতকাল বিকেল পৌনে চারটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিরাজগঞ্জের জামতৈল উপজেলার মোয়াজ্জেম হোসেনের ছেলে সামী (১০) নিহত হয়৷ এ দুর্ঘটনায় আহত অন্তত ২০ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, মির্জাপুর কুমুদিনী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত আরেক তরুণী মারা যান। বিকেল সাড়ে পাঁচটার দিকে মধুপুর উপজেলার থানা মোড়ে একটি অটোরিকশাকে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে অটোরিকশার চালক মজিবর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত:
ভৈরব (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের করিমগঞ্জে ইজিবাইকের ধাক্কায় নিহত লামিয়া আক্তার (৭) স্থানীয় নোয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। গতকাল দুপুরে উপজেলার রৌহা জামে মসজিদ সড়কে লামিয়া দুর্ঘটনার শিকার হয়। ইজিবাইকের চালক সফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সড়কে দুপুর ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় সে আহত হয়। করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই সে মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, ইজিবাইকের চালককে আটক করা হয়েছে।