সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
ঢাকা-খুলনা মহাসড়কে রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় গত মঙ্গলবার রাতে বাসের সঙ্গে গরুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের চালক মারা গেছেন। নিহত ব্যক্তির নাম ইয়াসিন আলী (২৭)। তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলার রাধানগর গ্রামের আবদুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মহাসড়কের চর খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় ঢাকা থেকে খুলনাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি ছিটকে সড়কের পাশের খালে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালক ইয়াসিন আলীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় ট্রাকচালকের সহকারী শফিকুল ইসলাম আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। দুর্ঘটনায় ট্রাকে থাকা ছয়টি গরুর মৃত্যু হয়েছে। ট্রাকটি কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটে যাচ্ছিল।
গোয়ালন্দ মোড় আহলাদিপুর হাইওয়ে থানার ওসি এমদাদুল হক বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির ভাই সদর থানায় মামলা করেছেন।