সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলার রাউথপাড়া এলাকায় গতকাল শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক মানিক মিয়া (৪০) নিহত হয়েছেন। মানিকের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার লোহানী গ্রামে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাউথপাড়া এলাকায় গতকাল বেলা দুইটার দিকে রংপুর থেকে ঢাকাগামী ট্রাকের সঙ্গে ঢাকা থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক মানিক মিয়া ঘটনাস্থলে নিহত হন। এ সময় আরও দুজন আহত হন। আহত ব্যক্তিরা হলেন বাসচালকের সহকারী আনোয়ার হোসেন (৩৫) ও জাহিদুল (৩৮)। তাঁরা দুজনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে পীরগঞ্জের বড় দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শহিদুল ইসলাম বলেন, ট্রাক ও বাস দুটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।