সড়ক দুর্ঘটনায় ট্রাকশ্রমিক ও শিশু নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে গতকাল বুধবার দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকশ্রমিক নিহত হয়েছেন। একই দিনে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে।
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাশেরহাট নামক স্থানে গতকাল সকাল ছয়টার দিকে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকের শ্রমিক তরিকুল ইসলাম (৩০) নিহত হন। অপর ট্রাকটি পুলিশ আটক করেছে। তরিকুলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে।
এদিকে দিনমজুর বাবার জন্য মাটি টানার ট্রলিতে চেপে দুপুরের খাবার নিয়ে যাচ্ছিল হূদয় খান (৮)। পথে ট্রলিচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে শিশুটি ট্রলি থেকে পড়ে গিয়ে ট্রলির চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। গতকাল বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের গফুর মৃধার ডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হূদয় চরভদ্রাসনের লোহারটেক গ্রামের আবুল কালাম খানের ছেলে।