সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের পরিদর্শক সস্ত্রীক নিহত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের পরিদর্শক বজলুল হক খান (৫৭) ও তাঁর স্ত্রী ফরিদা হক খান (৪৫) নিহত হয়েছেন। একই দিন কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবীদ্বার উপজেলায় ট্রাকের চাপায় জুলফু মিয়া (৭০) নামের এক বৃদ্ধ প্রাণ হারান। বজলুল হকের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়কুঠি গ্রামে। তিনি টাঙ্গাইল জেলা ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন। টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, বজলুল হক তাঁর ব্যক্তিগত গাড়ি চালিয়ে সকালে মির্জাপুর থেকে টাঙ্গাইল সদরে ফিরছিলেন। সকাল পৌনে ১০টার দিকে তাঁর গাড়িটি বাঐখোলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ির ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই বজলুল ও ফরিদা মারা যান। দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ্ আল বাকী জানান, বেলা দেড়টায় উপজেলার ভিড়াল্লা বাসস্টেশনে রাস্তা পারাপারের সময় মালবাহী ট্রাকের চাপায় দিনমজুর জুলফু গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি উপজেলার হেতিমপুর গ্রামে।