দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত ৩
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা পৌনে তিনটার দিকে মাদারীপুর সদর উপজেলার কলাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরিফুল ইসলাম (২৬), মাদারীপুর সদরের কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যপ্রার্থী লুৎফর রহমান সিকদার (৪৫) ও তিন চাকার মাহেন্দ্র চালক রাজৈরের মোলাকান্দি ইউনিয়নের হোঘলাঘাট গ্রামের মিরাজ ব্যাপারী (৩৪)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান বলেন, শরিফুল ইসলাম বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। বাড়ি থেকে ঢাকা আসার পথে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় জড়িত চালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বিভাগের পক্ষ থেকে চেষ্টা করছেন বলে জানান তিনি। এ ছাড়া শরিফুলের জন্য রোববার বেলা ১১টায় বিভাগের সামনে থেকে একটি শোকর্যালি বের হবে এবং কালকের সব ক্লাস স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুরের মোস্তফাপুর থেকে রাজৈরগামী একটি তিন চাকার মাহেন্দ্রকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট চন্দন কুমার বলেন, দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঈগল পরিবহনের বাসটিকে আটক করেছে পুলিশ।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল চিকিৎসক অখিল সরকার বলেন, এ দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলেই নিহত হন এবং একজন আহত হন। আহত সোনা গাজীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।