সড়ক দুর্ঘটনায় ঢাকায় পুলিশ কনস্টেবল ও ফতুল্লায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ ধলপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোহাগ ইসলাম (৩৩) নামের পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সোহাগ ইসলাম তেজগাঁও পুলিশের টহলকারী দলের গাড়িচালক ছিলেন। তাঁর বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, পুলিশ কনস্টেবলের মৃতদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লার লালখা গ্রামে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. সায়েম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসায় শিশুশ্রেণিতে পড়াশোনা করত।

নিহত শিশুটির চাচা আহমেদ আলী জানান, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় শিশু সায়েম। উদ্ধার করে শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন।

সায়েমের বাবার নাম মোহাম্মদ আলী। তিনি নারায়ণগঞ্জের একটি কাপড়ের ডাইং ফ্যাক্টরিতে চাকরি করেন।