সড়ক দুর্ঘটনায় তরুণ ও কলেজছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ভাকুম এলাকায় সিঙ্গাইর-হেমায়েতপুর সড়কে গতকাল বৃহস্পতিবার ট্রাকের চাপায় কলেজছাত্রী নিহত হয়েছেন। এর আগের দিন বুধবার গাজীপুরের কাপাসিয়া উপজেলা কমপ্লেক্সের সামনের রাস্তায় ভটভটি উল্টে এক তরুণ নিহত হয়েছেন।
সিঙ্গাইরে মারা যাওয়া ছাত্রীর নাম মরিয়ম আক্তার (১৯)। তিনি আজিমপুর গ্রামের শহিদুর রহমানের মেয়ে। কাপাসিয়ায় নিহত তরুণের নাম মো. রাজীব (২০)। তিনি চাটারবাগ এলাকার বকুল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিঙ্গাইর থানা-পুলিশ জানায়, গতকাল বন্ধু আজিজুল হকের সঙ্গে মোটরসাইকেলে করে মরিয়ম ঢাকার সাভারের হেমায়েতপুরের দিকে যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে ভাকুম এলাকায় গতিরোধক অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ দুজনেই রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক মরিয়মকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাসেল কবির বলেন, গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে একটি ভটভটি কাপাসিয়া উপজেলা কমপ্লেক্সের সামনের রাস্তার সড়কদ্বীপে উঠতে গিয়ে উল্টে যায়। এতে ভটভটির যাত্রী রাজীব ঘটনাস্থলেই নিহত হন এবং এর চালক রফিকুল ইসলাম (২৫) আহত হন। পুলিশ লাশ উদ্ধার করে কাপাসিয়া থানায় নিয়ে যায়। আহত রফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রফিকুলের বাড়িও চাটারবাগ এলাকায়।