সড়ক দুর্ঘটনায় তানোরে যুবলীগ কর্মী ও বাগমারায় বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় ওসমান গণি (২৫) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা দুইটার দিকে উপজেলার আমশো গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান গণি উপজেলার ভদরখণ্ড গ্রামের মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে। এদিকে রাজশাহীর বাগমারায় ট্রাকের ধাক্কায় সাবদুল আলী মণ্ডল (৬৫) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তিনি জেলার দুর্গাপুর উপজেলার বাসিন্দা ছিলেন।
তানোর থানার ওসি মীর্জা আবদুস সালাম বলেন, গতকাল সকালে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরীর একটি অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠান শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন যুবলীগ কর্মী ওসমান গণি। পথে উপজেলার আমশো নামক স্থানে একজন সাইকেল নিয়ে পাশের রাস্তা থেকে মূল রাস্তায় উঠছিলেন। এ সময় বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষে ওসমান গণি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাইসাইকেল চালকও আহত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর নাম জানা যায়নি।
এদিকে বাগমারার দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে সাবদুল আলী নিজ বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে বাগমারার মোহনগঞ্জ বাজারে আসছিলেন। তিনি মোহনগঞ্জ-কানপাড়া সড়কের বাগমারার পালশা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পেড়ে গেলে ট্রাকটি তাঁর ওপর দিয়ে চলে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনি মারা যান। লোকজন ট্রাকটি আটক করে।
বাগমারা থানার ওসি সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।