সড়ক দুর্ঘটনায় তালায় নিহত ২
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মির্জাপুর শ্মশানঘাট নামক স্থানে ট্রাকের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় তালা উপজেলার মির্জাপুর শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
নিহত ব্যক্তিরা হলেন, তালা উপজেলার মুড়াকুলিয়া গ্রামের আবুল হোসেন শেখের ছেলে ইসরাফিল শেখ (২৮) ও একই গ্রামের জিল্লুর রহমানের ৭ বছর বয়সী মেয়ে জুঁই।
প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা যায়, গতকাল তালা উপজেলার আঠারো মাইল এলাকার ইসরাফিল, জুঁইসহ কয়েকজন ইঞ্জিনচালিত ভ্যানযোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর শ্মশানঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক ইঞ্জিনচালিত ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে এর যাত্রী ইসরাফিল শেখ ও জুঁই ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন ভ্যানচালকসহ দুজন।