সড়ক দুর্ঘটনায় তিন জায়গায় নিহত ৩ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম, নওগাঁর মান্দা ও দিনাজপুরের হিলিতে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

বড়াইগ্রামের মূলগ্রাম-চাটমোহর সড়কে গতকাল বেলা দেড়টার দিকে ট্রাকের ধাক্কায় মো. রাজীব (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। তিনি উপজেলার চান্দাই ইউনিয়নের সাতইল গ্রামের মো. জিল্লুর রহমানের ছেলে।

বড়াইগ্রাম থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দ্রুতগামী ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাজীব মারা যান। চান্দাই ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মান্দায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজি-গোবিন্দপুর মোড়ে গতকাল রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় সুলতানা বেগম (২২) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত সুলতানা উপজেলার কুসুম্বা গ্রামের রেজাউল হকের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন সুলতানা। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া করে ট্রাকটি ধরে এর চালক ও তাঁর সহযোগীকে পুলিশে দেয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দিনাজপুরের হিলিতে অন্যের জানাজা শেষে বাড়ি ফেরার পথে গত রোববার রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাওলানা আবদুস সাত্তার (৬২) নামের এক ব্যক্তি। তিনি উপজেলার বাগদোড় ইয়াছিনীয়া দাখিল মাদরাসার সাবেক সুপারিনটেনডেন্ট। গত বছর চাকরি থেকে অবসর নিয়ে তিনি উপজেলার চণ্ডীপুর গ্রামে বসবাস করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী গোহাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক কবির উদ্দীন বলেন, মাওলানা সাত্তারের পরিচিত উপজেলার মংলা গ্রামের ওয়াকিল মণ্ডল গত রোববার মারা গেলে ওই জানাজায় অংশ নিতে সেখানে যান তিনি। সেখান থেকে অপর এক ব্যক্তির মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে হিলি-বিরামপুর সড়কের সাতকুড়ি রেলগেট এলাকায় বিরামপুরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটির চালকসহ আবদুস সাত্তার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বলেন, স্থানীয় লোকজন আবদুস সাত্তারকে দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কিন্তু পথেই তিনি মারা যান। আর মোটরসাইকেলের চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।