সড়ক দুর্ঘটনায় তিন জেলায় কলেজছাত্রী ও শিশুসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া, পাবনার শোলাবাড়িয়া ও ঠাকুরগাঁওয়ে গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।রাজশাহী: পুঠিয়ার সেনবাগ এলাকায় গতকাল শনিবার দুপুর ১২টার দিকে একটি মাটিবোঝাই ট্রাক্টর একটি সেচযন্ত্রচালিত যানকে পেছন থেকে ধাক্কা দিলে দুই কলেজছাত্রী ও এক শিশু নিহত হয়। এতে আরও পাঁচজন আহত হন। নিহত ব্যক্তিরা হলো পুঠিয়ার ছোট সেনভাগ গ্রামের শাহাজান আলীর মেয়ে নাসিমা (১৭), নাটোরের মেসপাড়া গ্রামের নরেন্দ্রনাথ মণ্ডলের মেয়ে আদুরী (১৭) ও নওগাঁর রানীনগর এলাকার সাইদুর রহমানের মেয়ে তানিয়া (৭)। নাসিমা ও আদুরী পুঠিয়া মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তারা কলেজ শেষে বাড়ি ফিরছিল। গুরুতর আহত শাহজাহান আলীকে (৬০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পাবনা: সদর উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় বরযাত্রীবাহী বাসের ধাক্কায় শাহীন হোসেন (১৩) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। সে সদরের আতাইকুলা ইউনিয়নের পূর্ব শোলাবাড়িয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে গেলে ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার জানান, আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদে পড়া বাসটি উদ্ধার করা হয়েছে।ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের বিআরটিসি কাউন্টার এলাকায় গতকাল শনিবার সকালে বাসচাপায় করিমুল (৩০) নামের এক সাইকেল আরোহী নিহত হন। তিনি সদর উপজেলার সালন্দর তেলিপাড়া গ্রাম থেকে বাইসাইকেল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে বিআরটিসি কাউন্টার এলাকায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সদর থানার ওসি মো. রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় একটি মামলা হয়েছে।