সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৩
রাজশাহী নগরের বিনোদপুর বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার বাস ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। একই দিন নাটোর সদর উপজেলায় ট্রাকের চাপায় সোহরাব (৫০) হোসেন নামের এক রিকশাচালক এবং পাবনা সদর উপজেলায় দুটি নসিমনের মুখোমুখি সংঘর্ষে মাজেম উদ্দিন (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী একটি বাস কাটাখালীর উদ্দেশে যাচ্ছিল। সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে নগরের বিনোদপুর বাজার এলাকায় বাসটির সঙ্গে পুঠিয়ার বানেশ্বর থেকে ছেড়ে আসা একটি হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই হিউম্যান হলারের চালক বিচ্ছাদ আলী (৪৫) নিহত হন। আহত হয় আরও ১৫ জন যাত্রী।নাটোর: গতকাল সকাল সাতটার দিকে নাটোর-ঢাকা মহাসড়কে সদর উপজেলার গাজির বিল এলাকায় পণ্যবাহী একটি ট্রাক পেছন থেকে একটি রিকশাকে চাপা দেয়। গুরুতর আহত ওই রিকশার চালক সোহরাব আকন্দকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সোহরাব উপজেলার অর্জুনপুর গ্রামের মৃত গণি আকন্দের ছেলে।পাবনা: গতকাল বিকেল তিনটার দিকে পাবনা-নগরবাড়ী মহাসড়কে সদর উপজেলার জালালপুর এলাকায় দুটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নসিমনের যাত্রী মাজেম উদ্দিন নিহত হন। আহত হয় আরও পাঁচজন।