সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বটিয়াঘাটা উপজেলায় গতকাল বুধবার বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। একই দিন ঝিনাইদহে নছিমন উল্টে আরেক নারী প্রাণ হারান। এর আগে মঙ্গলবার পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
খুলনা: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কৈয়া বাজার এলাকায় নূরজাহান বেগম (৩৯) নামের এক গৃহবধূ সকাল নয়টার দিকে সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি বাস তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তিনি ওই এলাকার কাঠমিস্ত্রি হাবিবুর রহমানের স্ত্রী। স্থানীয় লোকজন ধাওয়া করে বাসের চালক জুয়েলকে আটক করে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেন। এলাকাবাসী লাশ নিয়ে গতিরোধক নির্মাণের দাবিতে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে জনতা অবরোধ তুলে নেন।
ঝিনাইদহ: ঝিনাইদহের নগনবাথান এলাকায় গতকাল বুধবার সকাল নয়টার দিকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি নছিমন উল্টে পড়ে। এতে আটজন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে ফাতেমা খাতুন (৬০) নামে একজন মারা যান। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ গ্রামের শমসের আলী মণ্ডলের স্ত্রী।
মঠবাড়িয়া (পিরোজপুর): মঠবাড়িয়া-গুলিসাখালী সড়কের নয়া মেম্বরের বাড়ির সামনে গত মঙ্গলবার বিকেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি মোটরসাইকেল সড়কের ওপর আছড়ে পড়ে। এ সময় চালক মালেক ফরাজী (৪০), আরোহী রফিকুল ইসলাম (৪০) ও মো. আসাদুল (৪৫) আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মালেক ফরাজী মারা যান। তিনি উপজেলার সাপলেজা এলাকার বাসিন্দা ছিলেন।