সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে গতকাল বৃহস্পতিবার ট্রাকচাপায় এক সাইকেল আরোহী নিহত হন৷ একই দিন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক প্রাণ হারান৷ এর আগে গত বুধবার দুলাভাইয়ের বাড়ি বেড়াতে গিয়ে নাটোরের সিংড়া উপজেলায় নছিমন উল্টে মারা গেছেন বরিশালের এক তরুণ৷ আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের জাহেদুল ইসলাম (৫০) বাইসাইকেলে করে জেলা শহরের দিকে আসছিলেন৷ সকাল নয়টার দিকে সদর উপজেলা পরিষদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে তিনি সাইকেলসহ ছিটকে পড়েন৷ এতে তিনি ঘটনাস্থলেই মারা যান৷ পরে সদর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়৷
গাইবান্ধা: ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় দুপুর ১২টার দিকে রংপুর থেকে ময়মনসিংহগামী ভুট্টাবোঝাই একটি ট্রাক গতি কমায়৷ এ সময় পেছন থেকে দ্রুতগামী আরেকটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়৷ এতে পেছনের ট্রাকের চালক মোশারফ হোসেন (২৮) ঘটনাস্থলেই নিহত ও তাঁর সহকারী রাজু মিয়া (২৫) আহত হন৷ নিহত মোশারফ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার হরিণাতলা গ্রামের ইউসুফ আলীর ছেলে৷ পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়৷
নাটোর: বুধবার রাত আটটার দিকে চলনবিলের সিংড়া-তাড়াশ-বারুহাস সড়কের বিল তাজপুর এলাকায় একটি মাহিন্দ্র ট্রাক্টরকে অতিক্রম করার সময় একটি নছিমন উল্টে যায়৷ এতে ছয়জন আহত হন৷ আহত ব্যক্তিদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷ পরে পারভেজ হোসেন (১৮) ও নাজমা বেগমের (৪৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে রাত ১০টার দিকে পারভেজের মৃত্যু হয়৷ তিনি বরিশালের নলুয়াবাড়ী গ্রামের মনিরুল মাতব্বরের ছেলে৷ পারভেজ সিংড়ার সাতপুকুরিয়া গ্রামে দুলাভাইয়ের বাড়ি বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হন৷