সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে গতকাল সোমবার ট্রাকের চাপায় এক নারী নিহত হন। একই দিন সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের বাহুবলে অটোরিকশার 

এক যাত্রী নিহত হন। রোববার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার চালক নিহত হন।

মির্জাপুরে নিহত নারীর নাম শাবজান বেওয়া (৬৫)। বাড়িতে ছুটি কাটিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়া ছেলে শফিকুল ইসলামকে বাসে তুলে দিতে গিয়ে তিনি ট্রাকের চাপায় নিহত হন। বাহুবলে বাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার (সিএনজি) সংঘর্ষে গেদু মিয়া (৪৫) নামের একজন নিহত হন। সরাইলে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার চালক কাশেম চৌধুরী (২৮) নিহত হন। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

মির্জাপুর (টাঙ্গাইল): পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের আছিমতলা এলাকায় শাবজান বেওয়া, ছেলে শফিকুলসহ কয়েকজন সড়ক পার হচ্ছিলেন। এ সময় টাঙ্গাইলগামী মাছবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এরপর ট্রাকটি রাস্তার পাশের লৌহজং ফিলিং স্টেশনের একটি খুঁটিতে ধাক্কা খায়। ঘটনাস্থলেই শাবজান মারা যান। এলাকাবাসী আহত অন্যদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মোতালিব বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জ: স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজার থেকে একটি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাচ্ছিল। নতুন বাজারের কাছে এলে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশার যাত্রী গেদু মিয়া (৪৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত ব্যক্তির বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার সুলতানসী গ্রামে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার দুপুরে সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওপর থেকে একটি ট্রাক্টর বালু নিচ্ছিল। একপর্যায়ে ট্রাক্টরটি পেছনে দিক দিয়ে নাসিরনগর থেকে জেলা সদরগামী একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশার চালক কাশেম চৌধুরীসহ চারজন আহত হন। তাঁদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় সেখানে কাশেম চৌধুরী মারা যান। কাশেম চৌধুরী সরাইল উপজেলার আঁখিতারা গ্রামের হিরা মিয়া চৌধুরীর ছেলে।

সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ট্রাক্টরের চালকের অসাবধানতার করণেই দুর্ঘটনা ঘটেছে।