সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৩
ঝিনাইদহ, সাতক্ষীরা ও রাজবাড়ীতে গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:ঝিনাইদহ: সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কালীগঞ্জ এম ইউ কলেজের কাছে বাস-ট্রাকের সংঘর্ষে বাসের হেলপার পলাশ (২৫) ঘটনাস্থলে নিহত হন। তাঁর বাড়ি যশোরের চৌগাছা উপজেলার শলুয়া গ্রামে। এ সময় বাসের ২৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় চার ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। রাজবাড়ী: রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের পাংশা উপজেলার আমতলা গ্রামে বেলা ১১টার দিকে রাজবাড়ী থেকে মেহেরপুরগামী নসিমনের চাপায় স্কুলছাত্র রাতুল (৬) নিহত ও নসিমনের চার যাত্রী আহত হয়। ক্ষুব্ধ এলাকাবাসী নসিমনটিতে আগুন লাগিয়ে দেয় এবং দুটি বাস ভাঙচুর করে। রাতুল বায়তুল্লাহ কিন্ডারগার্টেনের প্লে গ্রুপের ছাত্র। সে আমতলা গ্রামের শের আলীর ছেলে।সাতক্ষীরা: সকাল সাড়ে সাতটার দিকে কালীগঞ্জ-শ্যামনগর সড়কের মহৎপুর আমতলা মোড়ে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চিংড়ি ব্যবসায়ী শিবনাথ মণ্ডল (২৫) নিহত হন। ব্যবসার কাজে তিনি বাড়ি থেকে শ্যামনগরে যাচ্ছিলেন। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গোলখালী গ্রামের বাসিন্দা।