সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে ট্রাক উল্টে একজন, রাজশাহীর বাগমারায় বাসের চাপায় একজন ও নওগাঁর পত্নীতলায় ভটভটি উল্টে একজন নিহত হয়েছে। গতকাল বুধবার বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:সিরাজগঞ্জ: গতকাল ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের সামনের চাকা ফেটে সেটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের যাত্রী সুজাব আলী (২৩) নিহত হন। তাঁর বাড়ি তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামে। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীসহ আরও চারজন আহত হন। বাগমারা (রাজশাহী): গতকাল সকাল সাড়ে নয়টার দিকে জুয়েল রানা (৩০) নামের এক ব্যক্তি মোটরসাইকেলে করে অফিসের কাজে মচমইল যাচ্ছিলেন। পথে ভবানীগঞ্জ-কেশরহাট সড়কের দেউলায় রাজশাহী থেকে ভবানীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এ সময় তিনি মোটরসাইকেলসহ বাসের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার মাড়িয়া গ্রামের মনসুর রহমানের ছেলে। তিনি বেঙ্গল নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের স্থানীয় কর্মকর্তা ছিলেন।আদমদীঘি (বগুড়া): নওগাঁর পত্নীতলা উপজেলার আগ্রাদ্বিগুন-সাপাহার রাস্তার পাগলার মোড়ে গতকাল বেলা ১১টার দিকে যাত্রীবাহী ভটভটি উল্টে শরিফুল ইসলাম (৩৬) নামের এক যুবক নিহত ও নয়জন আহত হয়েছেন। শরিফুল পত্নীতলা উপজেলার শীতল মাঠ গ্রামের বাসিন্দা। পত্নীতলার সীমান্তবর্তী এলাকা শীতল মাঠ বাজার থেকে সাপাহার যাওয়ার পথে ভটভটির চালক একটি শিশুকে বাঁচাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের সাপাহার স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।