সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৩
পটুয়াখালীর বাউফল উপজেলায় গতকাল রোববার টমটমের চেইনে কাপড় পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। একই দিনে রাজবাড়ীর কালুখালীতে নছিমনে চাপা পড়ে এক তরুণ ও নড়াইলে ট্রাকের নিচে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বাউফল (পটুয়াখালী): উপজেলার পশ্চিম কাছিপাড়া গ্রামের মৃত বজলুর রহমান মাস্টারের স্ত্রী সাফিয়া বেগম (৬৫) গতকাল সকালে স্বামীর পেনশনের টাকা উত্তোলনের জন্য বাড়ি থেকে সকালে টমটমে চড়ে উপজেলা সদরের উদ্দেশে যাচ্ছিলেন। পথে নুরাইনপুর বাজার এলাকায় পৌঁছালে সাফিয়া বেগমের গায়ের ওড়না টমটমের চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী কালিশুরী এলাকায় স্লোব নামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ী: রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড়ে গতকাল দুপুর দুইটার দিকে ইঞ্জিনচালিত নছিমনের সামনের চাকা খুলে সেটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় নছিমনে থাকা লোহার ভারী সরঞ্জামাদির নিচে চাপা পড়ে আরমান (২৬) নামের এক তরুণ মারা যান। তিনি সদর উপজেলার রেলস্টেশন এলাকার লিয়াকত আলীর ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নড়াইল: শহরের রূপগঞ্জ মুচিপোল এলাকায় গতকাল দুপুরে চিত্ত কুন্ডু নামের এক তরুণ ইটবোঝাই ট্রাকের নিচে পড়ে নিহত হয়েছেন। তাঁর বাড়ি নড়াইল পৌরসভার হাটবাড়িয়া গ্রামে। চালক পালিয়ে গেছেন। তবে পুলিশ ট্রাকটি আটক করেছে।