সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৩
রংপুরের পীরগাছা উপজেলায় ট্রলি উল্টে সিরাজুল ইসলাম নামে এক ধান ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া নওগাঁ সদর উপজেলার ডাক্তারের মোড়ে ট্রাকচাপায় সাইকেল আরোহী এবং বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর:পীরগাছা (রংপুর): উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগেয়া গ্রামের ধান ব্যবসায়ী সিরাজুল ইসলাম (৫৫) গতকাল রোববার দুপুরে ট্রলিতে করে ধান নিয়ে পীরগাছা আসছিলেন। পথে থানা গেটসংলগ্ন সেতুতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রলিটি খাদে পড়ে যায়। এতে ট্রলিতে থাকা সিরাজুল ইসলাম বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় চালক মোস্তফা মিয়া (৩৫) গুরুতর আহত হন।নওগাঁ: গতকাল নয়ন হোসেন (১৫) নামের এক কিশোর হাঁপানিয়া বাজার থেকে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। পথে বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ডাক্তারের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের হাল ঘোষপাড়া গ্রামের আজাদুল ইসলামের ছেলে। এ ঘটনার পর এলাকাবাসী উত্তেজিত হয়ে গতিরোধকের দাবিতে রাস্তা অবরোধ করায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। শেরপুর (বগুড়া): উপজেলার মির্জাপুর বাজার থেকে একটি মোটরসাইকেল বেপরোয়াভাবে উপজেলা শহরের দিকে যাওয়ার পথে যমুনাপাড়া এলাকায় গত শনিবার রাত সাড়ে সাতটার দিকে পথচারী মজিবর রহমানকে (৬০) ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তাঁর বাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামে।এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শেরুয়া দহপাড়া গ্রামের মঞ্জু মিয়া (২৫) সামান্য এবং আরোহী উপজেলার খন্দকারটোলা গ্রামের মো. বকুল (৪৫) গুরুতর আহত হন।