সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৩, আহত ১০
দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল থেকে বিকেলের মধ্যে এ দুর্ঘটনাগুলো ঘটে। এ ছাড়া চট্টগ্রামের রাউজানে সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা তিনিও সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
জেলাগুলো হলো-সিরাজগঞ্জ, যশোর ও মাদারীপুর। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সিরাজগঞ্জ: সকালে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসের ধাক্কা লাগে। এতে চালকের সহকারী নিহত হন। আহত হন ১০ যাত্রী। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুল হামিদ বলেন, দুর্ঘটনায় বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায়।
যশোর: বিকেলে বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রওশন আলী (৪৫)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বাঘারপাড়া থানার উপরিদর্শক (এসআই) নাসির উদ্দীন খান বলেন, রওশন আলী মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদর থেকে গ্রামের বাড়ি ইন্দ্রাতে যাচ্ছিলেন। একটি ট্রাককে অতিক্রম করতে গেলে সড়কের ওপর বিছানো খড়ে মোটরসাইকেলটি পিছলে পড়ে যায়। এতে রওশন আলী ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হন।
মাদারীপুর: দুপুরে শিবচর উপজেলায় গাছের গুঁড়ি বোঝাই ভ্যান উল্টে মফিজউদ্দিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়। উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের চর বাচামারা গ্রামের মোতাহার মাতবরের ছেলে।
এলাকাবাসী ও পুলিশের সূত্রে জানা গেছে, পায়ে চালিত ওই ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ভ্যানে থাকা গাছের গুঁড়ি ছিটকে পথচারী শিশু মফিজউদ্দিনের ওপর পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিবচর থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, ‘ভ্যান জব্দ করেছি। তবে চালক পালিয়ে গেছে। শক্ত করে গুঁড়িগুলো বাঁধলে হয়তো এ দুর্ঘটনা হতো না।’
এদিকে সোমবার দিবাগত রাত তিনটায় চট্টগ্রামের রাউজানে সড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম সুভাষ বড়ুয়ার (৫০)। তিনি পশ্চিম গুজরা ইউনিয়নের বৈদ্যপাড়ার বাসিন্দা। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ জাবেদ মিয়া বলেন, লাশের পা ভাঙা অবস্থায় ছিল। মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে। লোকটি সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।