সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৪
রাজবাড়ি সদর উপজেলার বসন্তপুরে বাস ও মাহেন্দ্রর (স্থানীয়ভাবে মাহেন্দ্র নামে পরিচিত তিন চাকার যান) মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন মাহেন্দ্রচালক সাগর বিশ্বাস (৩৫)। অন্যজনের পরিচয় জানা যায়নি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন এ দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ঢাকা থেকে পিরোজপুরগামী একটি বাস দৌলতদিয়া-খুলনা সড়কে মজলিশপুর গ্রামে (বসন্তপুর সাইনবোর্ড এলাকা) পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রর চালকসহ দুজন ঘটনাস্থলে মারা যান এবং কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হন। আহতরাও মাহেন্দ্রর যাত্রী। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ চালক ও সহকারীকে আটক করেছে।
এদিকে, কক্সবাজারের টেকনাফে গাড়ি চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের কেরুণতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সকালে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি ট্রাক টেকনাফ-কক্সবাজার সড়কের স্থলবন্দরের তিন নম্বর প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে থাকা এক পথচারীকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। পরে টেকনাফ থানা-পুলিশ ওই স্থান থেকে লাশটি উদ্ধার করে।
টেকনাফ মডেল থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) গৌতম রায় সরকার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করে লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে লাশটি আঞ্জুমান মফিদুলকে দিয়ে দাফনের ব্যবস্থা নেওয়া হয়।
অন্যদিকে, রংপুরের পায়রা চত্বর এলাকায় আজ মঙ্গলবার ট্রাকের চাপায় আপন বাসফোর (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি নগরের জুম্মাপাড়া সুইপার কলোনি এলাকায়। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকচালক খায়রুল আলমকে (৪৫) আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে সাতটার দিকে পায়রা চত্বরের পাশের একটি রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনাস্থলে কিছু সময় ধরে প্রধান সড়ক অবরোধ করে রাখে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, এ দুর্ঘটনার পর আপনের বাবা নাদিম বাসফোর বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।