সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নরসিংদীর মনোহরদীতে স্কুলছাত্রীসহ দুজন, গাজীপুরে চা-দোকানি ও মুন্সিগঞ্জে এক নারী নিহত হয়েছেন। গত রোববার রাতে ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

নরসিংদী: মনোহরদী উপজেলার নিহত ব্যক্তিরা হলেন মাধুপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও চালাকচর ইউনিয়নের হাফিজপুর চাতলপাড়া গ্রামের মো. সুরুজ মিয়ার মেয়ে শরিফা আক্তার (১২) এবং শুকুন্দী ভিটিপাড়া গ্রামের মো. আবদুর রব (৪০)।

প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল নয়টায় প্রাইভেট পড়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাচারীবাড়ি মাঠ থেকে ঢাকা-মঠখোলা সড়কে ওঠার পর ঢাকা থেকে ছেড়ে আসা মঠখোলাগামী মনোহরদী পরিবহন প্রাইভেট লিমিটেডের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে শরিফাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক বাস নিয়ে দ্রুত পালিয়ে যান।

এ ছাড়া দুপুর ১২টার দিকে একই সড়কের নারান্দী বাসস্ট্যান্ড এলাকায় নছিমন এবং সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবদুর রব গুরুতর আহত হন। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 গাজীপুর: জেলার কালীগঞ্জে লরিচাপায় চান মিয়া (৬০) নামের এক চা-দোকানি নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার কালীগঞ্জ-টঙ্গী সড়কের আড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া উপজেলার তুমলিয়া গ্রামের বাসিন্দা। ওই সড়কের পাশে তাঁর চায়ের দোকান ছিল।

এদিকে ঘটনার পরপরই স্থানীয় লোকজন কালীগঞ্জ-টঙ্গী সড়কে নেমে পড়ে। এতে কালীগঞ্জ-টঙ্গী ও কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় ৩০ থেকে ৪০টি লরি আটক করে রাখে।

মুন্সিগঞ্জ: ক্রাউন সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের চাপায় সেলিনা বেগম (৪৫) নামের এক নারী প্রাণ হারিয়েছেন। গত রোববার রাত নয়টায় দিকে শহরের পুরাতন কাচারির সোনালী ব্যাংক কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সেলিনা বেগম সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ক্রাউন সিমেন্ট কোম্পানির ট্রাকটি তাঁকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। সেলিনা বেগম ময়মনসিংহের গৌরীপুরের মোতালেব মিয়ার স্ত্রী। তাঁরা আট বছর ধরে মুন্সিগঞ্জে বসবাস করতেন।